ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসিকে ছাত্রদল সভাপতি

দাবি আদায় ছাড়া এখান থেকে যাব না

দাবি আদায় ছাড়া এখান থেকে যাব না
×

নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৫:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৫:২২

নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমাদের দাবি আদায়ে আজকে যদি ইসির সদিচ্ছা প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করছি, তবে দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয় আমরা তা করব। দাবি আদায় ছাড়া এখান থেকে যাব না। 

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ছাত্রদল সভাপতি বলেন, এই ভবনের সামনে যারা রয়েছেন তাদের উদ্দেশে শুধু একটি কথা বলছি, গতকাল আপনারা অনেক ব্যস্ত ছিলেন। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিষ্পত্তির জন্য। সেজন্য আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। আপনারা যে কথা দিয়েছেন, অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফল চাই। আমরা সুষ্ঠভাবে ২২ জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়েই সারাদেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে বেলা সাড়ে ১১টার পর নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় থেকে নির্বাচন ভবনের সামনে ও আশপাশের সড়কে সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ইসির নিরাপত্তা বেস্টনীর বাইরে থেকে বিভিন্ন স্লোগান দেন তারা। কর্মসূচিকে কেন্দ্র করে ইসি কার্যালয়ের আশপাশে পুলিশ, র‌্যাব, নৌ ও আনসার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: অবস্থান কর্মসূচির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। একটি বিশেষ গোষ্ঠী জেতার জন্য এক এলাকার ভোটারকে অন্য এলাকায় পাঠিয়েছে।

তিনি বলেন, বিশেষ গোষ্ঠীর নাম বলব না। তাদের নাম বলে হাইপ তুলে দিতে চাই না। তারা ইসির কিছু লোককে ব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছে।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ডাকসু, রাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংসদ নির্বাচনে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কুক্ষিগত করেছে। আগামী জাতীয় নির্বাচনে তারা একই কায়দায় ইঞ্জিনিয়ারিং করতে চায়। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এর আগে একই দাবিতে রোববারও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে বিকেলে সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিন দফা দাবি লিখিতভাবে দেন। পরে সাংবাদিকদের ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কর্মসূচি আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের তিন অভিযোগ
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
 

আরও পড়ুন

×