ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তায় জোর দেওয়ার আহবান 

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তায় জোর দেওয়ার আহবান 
×

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর প্রতিনিধিদল। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১৮:৫৯

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনেস্কোর প্রতিনিধিদল। ওই দলে ইউনেস্কোর বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদরদপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন শাখার দলনেতা মেহদী বেনসুলাহসহ তিন সদস্য ছিলেন। 
মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে এ সাক্ষাৎ হয়।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকার বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে ফ্যাক্ট–চেকিং (তথ্য যাচাই) বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন। 

আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে অবহিত করেন। 

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মাসে এ প্রশিক্ষণ শেষ হবে। তিনি নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেওয়া সার্বিক ব্যবস্থার কথা তুলে ধরেন। 

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি গোলাম রসুলসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×