ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোস্টাল ব্যালট দেরিতে পাঠালে ঝুঁকি

প্রবাসীদের ভোট দেওয়া শুরু

প্রবাসী ভোটারদের সতর্ক করল ইসি

প্রবাসীদের ভোট দেওয়া শুরু
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট প্রবাসী বাংলাদেশিরা দেরিতে পাঠালে তা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। এই সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান শেষ করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি।

গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
ইসি জানায়, গতকাল সারাদেশের ২৯৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কার্যক্রম শেষ করেছে। এর পরপরই ইসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা গতকাল বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারছেন।

ইসি জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীকে ভোট দেওয়া যাবে।
গতকাল ইসির জনসংযোগ পরিচালকের সই করা  বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। প্রদত্ত এসব ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে এ আহ্বান জানানো হয়। উল্লিখিত তারিখের মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে।

এবারই প্রথম ১২২টি দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পাশাপাশি দেশের ভেতরের তিন শ্রেণির ভোটার তথা ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা কয়েদিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। 
এরই মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী দেশি-বিদেশি ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন। এর মধ্যে নিবন্ধিত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটারের কাছে ১১৯টি প্রতীক-সংবলিত পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শেষ করেছে ইসি। তবে এরই মধ্যে নাম-ঠিকানাসংক্রান্ত জটিলতার কারণে দুটি দেশ থেকে পাঁচ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। বাকি প্রবাসী ভোটাররা ২১ থেকে ২৫ জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন। পরে সেগুলো সংশ্লিষ্ট সংসদীয় আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।
এ ছাড়া দেশের ভেতর নিবন্ধিত সাত লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরুর কথা ছিল প্রতীক চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর থেকে। তবে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক তৈরির পর বিএনপির দাবি অনুযায়ী, দেশের মধ্যে সাধারণ ভোটারদের জন্য ছাপানো ব্যালটই পোস্টাল ভোটারদের কাছে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আরও পড়ুন

×