ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

সাত কলেজের শিক্ষার্থীদের উল্লাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নতুন অধ্যাদেশের মাধ্যমে সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে নিজস্ব পরিচয়, অবকাঠামো ও স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ন থাকবে। 

অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। আচার্য হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে। এ বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলাসহ বিভিন্ন অনুষদের পৃথক স্কুল থাকবে, যার প্রধান হিসেবে একেকজন নেতৃত্ব দেবেন। 

শিক্ষার্থীদের উল্লাস
গতকাল দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে খবরটি পৌঁছালে তারা উল্লাসে ফেটে পড়েন। এ সময় তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আরও পড়ুন

×