নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশ কর্মসূচিতে ডিম নিক্ষেপ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। পথসমাবেশ চলাকালে হঠাৎ ডিম নিক্ষেপের ফলে সেখানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত ওই এলাকার কর্মসূচি শেষ করে পরীবাগ এলাকায় চলে যান তারা।
শামিল আব্দুল্লাহ আরও জানান, এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অক্ষত আছেন। হামলার পরও তিনি প্রচার কর্মসূচি অব্যাহত রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় মৌচাক এলাকায় গণসংযোগে অংশ নিচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলীয় নেতাকর্মীরা। হঠাৎ পাশের একটি ভবন থেকে ডিম নিক্ষেপ শুরু হলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে দলের কর্মী-সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। দলটির নেতারা দাবি করেন, জনসমর্থনে ভীত হয়ে বিরোধী পক্ষ এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
- বিষয় :
- ডিম নিক্ষেপ
