নির্বাচন ঘিরে হাসপাতালে সতর্কতা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারাদেশের সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরুরি প্রস্তুতির আওতায় আনা হয়েছে। এই সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মেডিকেল টিম গঠন, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা এবং জরুরি বিভাগ ও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্ক অবস্থায় থাকতে হবে। এ সময় চিকিৎসা সেবায় কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।
নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি সিটি করপোরেশনে ছয়টি করে মেডিকেল টিম গঠন করতে হবে। বিভাগীয় পর্যায়ে থাকবে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে অন্তত একটি মেডিকেল টিম। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা অনুযায়ী এসব টিমের সদস্য নির্ধারণ করবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে রোগীর চাপ বাড়তে পারে। সে কারণে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- বিষয় :
- হাসপাতালে
