ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রীমঙ্গল ছাড়া কোথাও নেই শৈত্যপ্রবাহ

শ্রীমঙ্গল ছাড়া কোথাও নেই শৈত্যপ্রবাহ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৩:১৩

মাঘ মাসের শৈত্যপ্রবাহ অনেকটাই কেটে গেছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছাড়া দেশের আর কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা রেকর্ড হয়নি। গতকাল সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিনপটিক অবস্থার প্রভাবে দেশের আবহাওয়ায় শৈত্যপ্রবাহের তীব্রতা কমে এসেছে।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। ওই দিন সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এদিন রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিনও শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

বুধবার সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে। ফলে সার্বিকভাবে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঘ মাসের শৈত্যপ্রবাহ আরও দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও কুয়াশা ও রাতের ঠান্ডা জনজীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে সকালের কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×