নির্বাচনের সঙ্গে জড়িতদের মধ্যে আ. লীগের দোসর বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবিস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ২০:২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার ভালো অফিসার। সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন।
বুধবার দুপুরে সিলেটের সুবিদবাজার প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।
তিনি বলেন, এবার প্রতিটি ভোট সেন্টারে সিসি ক্যামেরা থাকবে। বিভিন্ন কেন্দ্রে ড্রোন থাকবে। এছাড়া বডি ক্যামেরা থাকবে, থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এরমধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে আবার তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনোবারের তুলনায় এবার ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী। সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- স্বরাষ্ট্র উপদেষ্টা
- সিলেট
- আওয়ামী লীগ
