আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি
বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি আদালতে যাচ্ছে পিডিবি
দুই সদস্যের আরবিট্রেটর প্যানেল গঠন
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ১৩:০৭
ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কয়লার দর নির্ধারণ নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিশ ট্রাইব্যুনালে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ লক্ষ্যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের জন্য দুই সদস্যের আরবিট্রেটর (সালিশকারক) প্যানেল গঠন করা হয়েছে।
পিডিবির পক্ষে ব্যারিস্টার আহসান সিদ্দিকী এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) চেয়ারম্যান রেজওয়ান খান। অপরদিকে আদানি পাওয়ারের পক্ষে আরবিট্রেটর হিসেবে অংশ নিচ্ছেন দ্য আরবিট্রেশন চেম্বার্সের অধ্যাপক লরেন্স বু ও লুসি রিড এবং সিঙ্গাপুরের ডাক্সটন হিল চেম্বার্সের টবি ল্যান্ডাউ ও অধ্যাপক ভি.কে. রাজা। চুক্তির ১৯ ধারার অধীনে এই সালিশ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের দর পর্যালোচনা করে। কমিটির হিসাবে, এই চুক্তির ফলে বাংলাদেশকে বছরে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার বেশি দিতে হচ্ছে। কমিটির অভিযোগ, চুক্তি অনুমোদনে ঘুষ লেনদেন হয়েছে এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে। তাই বাংলাদেশ চাইলে চুক্তি বাতিল বা দর নিয়ে আলোচনার দিকে এগোতে পারে। তবে কমিটি সতর্ক করেছে, চুক্তি বাতিল বা আইনি চ্যালেঞ্জের ফলে স্বল্প মেয়াদে বিদ্যুৎ ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘ মেয়াদে জাতীয় স্বার্থ রক্ষায় চুক্তি পুনর্বিবেচনা জরুরি বলে মত দিয়েছে তারা।
এদিকে আদানি পাওয়ার সালিশ ট্রাইব্যুনালে প্রায় ৪৮৫ মিলিয়ন ডলার বকেয়া দাবিতে মামলা করেছে।
- বিষয় :
- পিডিবি
