শিল্পাঞ্চলের শ্রমিকদের ১০ ফেব্রুয়ারির ছুটি অন্য দিন সমন্বয় করা যাবে
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠক (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১৫ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সরকার ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করেছে তা পরবর্তীতে অন্য যেকোনো দিন সমন্বয় করতে পারবে পোশাক কারখানাগুলো। অর্থাৎ পরবর্তীতে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নেওয়া যাবে।
পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টেও এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।’
পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
