জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম
মইনুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৩
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এছাড়া কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন গুম কমিশনের সাবেক সদস্য মানবাধিকার কর্মী মো. নুর খান লিটন, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শরিফুল ইসলাম ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদেরকে জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ সদস্যরা ওই বছরের ৭ই নভেম্বর পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় আর এই পদগুলো পূরণ করা হয়নি।
গেল ডিসেম্বরে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ এর সংশোধিত গেজেট জারি করা হয়। এতে নতুনভাবে 'জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ' গঠন, স্বাধীন বাজেট, আন্তর্জাতিক সহযোগিতা এবং স্বাধীনতা বঞ্চিত ব্যক্তিদের সুরক্ষায় বিস্তৃত ক্ষমতা যুক্ত করা হয়।
সম্প্রতি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত আহব্বান করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৫ শে জানুয়ারি ছিল আদর সেই দিন। এর আগে একটি বাছাই কমিটি গঠন করা হয়। এরপর বাছাই কমিটির সভা ও আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
- বিষয় :
- নতুন চেয়ারম্যান
