পরিবেশ বিষয়ক আলোকচিত্রে বিজয়ী হলেন সমকালের মামুনুর রশীদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৩৬
‘প্রকৃতি এবং পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় পরিবেশ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সমকালের মামুনুর রশীদ। বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত আলোকচিত্রীদের ছবি নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এই প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’। প্রতিযোগিতায় জমা পড়া এক হাজার ৫০০ ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বিজয়ীরা হলেন-
জ্বালানি বিভাগ: প্রথম পুরস্কার পেয়েছেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডি নিউজ ২৪), দ্বিতীয় হয়েছেন হাবিবুর রহমান (ডেইলি স্টার) এবং তৃতীয় হয়েছেন মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)।
পরিবেশ বিভাগ: প্রথম পুরস্কার পেয়েছেন মামুনুর রশীদ (দৈনিক সমকাল), দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় হয়েছেন শেখ নাসির (ডেইলি স্টার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের অবস্থা আরও শোচনীয়। আমরা সরকার গঠনের পর কাজ শুরু করে দেখেছি নানা সংকট। সমাজে একটি চৌর্যবৃত্তির কাঠামো দাঁড়িয়ে আছে। সরকার এবং তার চারপাশের সকলের দৃঢ় সংকল্প না থাকলে এই কাঠামো ভাঙা এবং সংকট মোকাবিলা সম্ভব নয়। আমাদের শিশুদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে। কোটা আন্দোলন থেকে যদি সরকার পতন হতে পারে, তবে পরিবেশ, নদী এবং জলবায়ু পরিবর্তনের জন্য আরও বড় আন্দোলন হওয়া দরকার। আজকের প্রদর্শিত ছবিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কেমন পরিবেশে বসবাস করছি।’
‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর সদস্য সচিব শরীফ জামিল আয়োজনের পটভূমি ব্যাখ্যা করে বলেন, ‘একজন পরিবেশকর্মী সারাদিন কথা বলে মানুষকে যতটুকু বোঝাতে পারেন, একজন ফটো সাংবাদিকের তোলা একটি মাত্র ছবি তার চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। জনসচেতনতা তৈরির এই শক্তিশালী মাধ্যমটিকে কাজে লাগিয়ে পরিবেশের বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশবান্ধব উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
- বিষয় :
- সমকাল
- পুরস্কার
- আলোকচিত্র প্রদর্শনী
