ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জনসভায় চরমোনাই পীর

যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী আন্দোলনও নাই

যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী আন্দোলনও নাই
×

পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্কে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সমকাল

 সমকাল ডেস্ক 

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলনের জন্ম হয়েছে ১৯৮৭ সালে। আমরা যদি চাইতাম এমপি, মন্ত্রিত্ব, সম্পদ-টাকা আমাদের জন্য সহজ ব্যাপার ছিল। কিন্তু আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে মানুষের কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলনও নাই। 

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটুয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী ফিরোজ আলমের সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

রেজাউল করিম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম এই সোনার দেশটাকে সোনার দেশ তৈরি করার জন্য, জুলুম থেকে মানুষের মুক্তি পাওয়ার জন্য, চাঁদাবাজ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই দেশে ইসলাম মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড়াবে– এ সুযোগ এসেছিল। 
তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগানোর জন্য আমরা আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বক্স হবে। আমরা পাঁচ দল যখন কাজ করছিলাম তখন জামায়াত ঢুকল। এতে মানুষ যখন সাড়া দিল এবং স্বাগত জানাল তখন স্বার্থান্বেষী মহল আমাদের লক্ষ্যকে ধ্বংস করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ শুরু করল। এতে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ভেস্তে গেল। তারা ঘোষণা করল, রাষ্ট্র পরিচালনা করবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। 

গতকাল দুপুরে বাউফলের পাবলিক মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চরমোনাই পীর। তিনি বলেন, যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তাদের মতে, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা) 

আরও পড়ুন

×