ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটকেন্দ্রে মুঠোফোন নিষিদ্ধের সিদ্ধান্ত হঠকারী: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

ভোটকেন্দ্রে মুঠোফোন নিষিদ্ধের সিদ্ধান্ত হঠকারী: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৪৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এ ধরনের সিদ্ধান্ত নাগরিক অধিকার পরিপন্থী এবং জনভোগান্তি সৃষ্টির কারণ। সোমবার সংগঠনটি পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। 

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার নাগরিকের মৌলিক অধিকারের অংশ। বর্তমান সরকারও একাধিকবার ঘোষণা দিয়েছে যে, কোনোভাবেই নাগরিককে ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত করা হবে না। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, অথচ নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল হ্যান্ডসেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যা সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এটি জনদুর্ভোগ তৈরি করবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, এই সিদ্ধান্তের ফলে জরুরি যোগাযোগ, আর্থিক লেনদেন, ক্ষুদ্র ব্যবসা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এ ছাড়া ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য ধারণ এবং দ্রুত সংবাদ সংগ্রহের জন্য মোবাইল হ্যান্ডসেট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগতির ইন্টারনেট সমৃদ্ধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহ দেওয়া সরকারের দায়িত্ব ছিল। কিন্তু উল্টোভাবে এমন নিষেধাজ্ঞা আরোপ করে নাগরিকদের ভোগান্তিতে ফেলা হচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাগরিকবান্ধব ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন

×