ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারাগার থেকে ভোট দিলেন ৫৬ ভিআইপিসহ ৫০৬৭ জন বন্দি

কারাগার থেকে ভোট দিলেন ৫৬ ভিআইপিসহ ৫০৬৭ জন বন্দি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ হাজার ৬৭ জন কারাবন্দি। তাদের মধ্যে ৫৬ জন রাজনৈতিক নেতাসহ ভিআইপি বন্দি রয়েছেন। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিরা এ ভোট দেন। আজ সোমবার ছিল তাদের ভোট দেওয়ার শেষ দিন। এদিন ২৩৪ জন ভোট দিয়েছেন।

কারাসূত্র জানায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অন্তত ৬০ জন ভিআইপিসহ ৫ হাজার ৯৬০ কারাবন্দি নিবন্ধন করেন। তাদের মধ্যে ২২ জন্য রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব, পাঁচজন পুলিশ কর্মকর্তা ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রাজনৈতিক নেতাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, আনিসুল হক, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন বলে জানা যায়। তারা ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল-ফরহাদ সমকালকে বলেন, কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট দেওয়া ৫ হাজার ৬৭ জনের মধ্যে ১৯৮ জন নারী। 

এর আগে গত ৩ ফেব্রুয়ারি থেকে কারাগারগুলোয় পোস্টাল ব্যালটে ভোট নেওয়া শুরু হয়। সেদিন ১ হাজার  ৫২১, পরদিন ৯৮৮, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮, ৬ ফেব্রুয়ারি ৪২০, ৭ ফেব্রুয়ারি ৪৭১ ও ৮ ফেব্রুয়ারি ২৯৫ জন ভোট দেন। এর আগে কারা কর্তৃপক্ষের সহায়তায় নির্বাচন কমিশনের অ্যাপে নিবন্ধন করেন ভোট দিতে আগ্রহী বন্দিরা।

দেশের ৭৫টি কারাগারে ৮০ হাজারের বেশি বন্দি আছেন। তাদের বেশিরভাগই নানা কারণে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেননি। অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। আবার অনেকে দ্রুতই জামিন পাবেন– এমন আশা থেকে নিবন্ধন করেননি।

আরও পড়ুন

×