সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:১২
সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার (রেট) বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এ বিষয়ক এক প্রস্তাবে গত রোববার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিপত্র জারি করে এটি কার্যকর করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানোর উদ্যোগ নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারা এ বিষয়ক প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচারসংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার হবে ৪৫০ টাকা। আগে ছিল ৩৫০ টাকা। প্রচারসংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজার কপিতে ৭ টাকা হারে বাড়বে। ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে। বর্তমানে এই তিন ক্ষেত্রে বাড়ার হার ছিল যথাক্রমে ৬, ৫ ও ৪ টাকা।
প্রচার সংখ্যা ৯০ হাজার ১-এর বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা করে বাড়বে। তবে সর্বোচ্চ হার হবে ১ হাজার ১০০ টাকা। আগে এ ক্ষেত্রে বাড়ার হার ছিল ৩ টাকা এবং সর্বোচ্চ সীমা ছিল ৯০০ টাকা।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিকের ক্ষেত্রে প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা, যা বর্তমানে ৩৩০ টাকা। ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে। এখন এ দুই ক্ষেত্রে বাড়ার হার যথাক্রমে ৫ এবং সাড়ে ৪ টাকা। প্রচার সংখ্যা ৫০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা করে বাড়বে। সর্বোচ্চ হার হবে ৮৫০ টাকা। বর্তমানে সাড়ে ৩ টাকা হারে বেড়ে সর্বোচ্চ ৬০০ টাকা রয়েছে।
জেলা শহর ও অন্য স্থান থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রচারসংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা করে বাড়বে। বর্তমানে এই হার ৫ টাকা। আর ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে, সর্বোচ্চ হবে ৮০০ টাকা। এখন ৪ টাকা হারে বেড়ে সর্বোচ্চ ৫৫০ টাকা রয়েছে।
একইভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধ সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর পাশাপাশি জেলা শহর ও অন্য স্থান থেকে প্রকাশিত পত্রিকার বিজ্ঞাপন মূল্যহার বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন কিছুদিন আগে তাদের প্রস্তাব জমা দেয়। কমিশন ১১০টি সুপারিশ করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল– সরকারি বিজ্ঞাপনের হার বেসরকারি বিজ্ঞাপনের তুলনায় অনেক কম। এই বৈষম্য কমাতে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাজারভিত্তিক করার কথা বলা হয়।
এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত সচিবকে (সম্প্রচার ও প্রেস) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির বৈঠকে ২০১৯ সালে নির্ধারিত সর্বশেষ মূল্যহার পর্যালোচনা করা হয়। সংবাদপত্র প্রকাশে কাঁচামালসহ অন্য ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যমান মূল্যহার যৌক্তিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নতুন মূল্যহার নির্ধারণে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হলে অর্থ মন্ত্রণালয় তাতে সম্মতি দেয়।
