প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৬
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্ক ও কমনওয়েলথের পৃথক নির্বাচন পর্যবেক্ষক দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
প্রেস উইং জানায়, তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ।
এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ ই নানা আকুফো-আডোর নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়।
দুই সাক্ষাতেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
