জাতীয় সংসদ নির্বাচন
অবৈধভাবে দায়িত্ব পাওয়া ৩৩০ জনকে সরিয়ে দিল আনসার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩৪
রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দলনেতা টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযুক্ত দলনেতা মামুন পলাতক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি এক হাজার ১০০ টাকা হারে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানার পর তাদের সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন হওয়ার পরও নির্বাচনী দায়িত্ব পান। বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণ হওয়ায় তাদেরও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা ও ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরানো হয়েছে।
