ধানের শীষের স্টিকার লাগিয়ে বুথে প্রবেশের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৪
ঢাকা-৪ আসনে শ্যামপুর থানাধীন দোলাইরপাড় স্কুল ভোটকেন্দ্রে ধানের শীষের স্টিকার ও প্রার্থীর কার্ড প্রদর্শন করে বুথে প্রবেশের চেষ্টা করেন কিছু ভোটার। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে হট্টগোল সৃষ্টি হয় এবং কেউ কেউ তর্কে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুর ১টার পর এই পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই এই কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ভোটার যখন তাদের গলায় প্রার্থীর কার্ড ঝুলিয়ে কিংবা বুকে ধানের শীষের স্টিকার লাগিয়ে ভোটকক্ষে প্রবেশের চেষ্টা করেন তখন পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে ওঠে।
নিয়মানুযায়ী কেন্দ্রের ভেতরে কোনো প্রার্থীর প্রতীক প্রদর্শন নিষিদ্ধ থাকায় উপস্থিত আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এতে কিছু ভোটার দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তর্কে জড়ান।
কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে দোলাইরপাড় স্কুলের প্রিসাইডিং অফিসার রাজু আহমেদ সমকালকে জানান, কিছু ভোটার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর ছবি ও প্রতীক যুক্ত স্টিকারসহ বুথে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে আমরা প্রতিহত করেছি। যাদের কাছে কার্ড পাওয়া যাচ্ছে, তাদের সেগুলো শার্টের ভেতরে লুকাতে বলা হয়েছে। নিয়ম মানার পরেই আমরা তাদের ব্যালট পেপার সরবরাহ করছি।
তবে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রের প্রবেশপথে কড়া নজরদারি রেখেছে। কেন্দ্রের বাহিরে সেনাবাহিনী টহল দিচ্ছে।
- বিষয় :
- ঢাকা-৪
- ভোটকেন্দ্র
- ধানের শীষ
- আইনশৃঙ্খলা বাহিনী
