কেন্দ্র ঘুরে উৎসাহ ও অংশগ্রহণ দেখেছেন বিদেশি পর্যবেক্ষকরা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০০
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোটে কেন্দ্রগুলোতে ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ দেখেছেন বিদেশি পর্যবেক্ষকরা। গতকাল বৃহস্পতিবার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ. ই. নানা আকুফো-আডো সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে।
সকাল ৭টা থেকেই কমনওয়েলথের ২৩ সদস্যের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। দলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ
দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী। ইইউর প্রত্যাশা, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য। তিনি বলেন, ‘আমরা দেশব্যাপী পর্যবেক্ষণ করছি। দুপুর পর্যন্ত আমরা ভোটকেন্দ্রগুলোতে অনেক ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছি। আশা করি, এটি বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে।’
ইজাবস বলেন, ‘১৪ ফেব্রুয়ারি আমরা প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব, যেখানে দেখানো হবে এ নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে।’
জাপানের পর্যবেক্ষণ
সকাল থেকে ঢাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শনের সময় জাপানের পর্যবেক্ষক দল জানায়, তারা ভোটকেন্দ্রগুলোকে বেশ উৎসবমুখর দেখছেন। জাপানের এক পর্যবেক্ষক বলেন, বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বোঝা যাচ্ছে, ভোটও তাদের কাছে একটি উৎসবের মতো।
আইআরআইর পর্যবেক্ষণ
সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পর্যবেক্ষণে গিয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পর্যবেক্ষক ও কংগ্রেসম্যান ডেভিড ব্রায়ার বলেন, নতুন ও তরুণ ভোটাররা এবারের ভোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জুলাই তাদের হাত ধরেই এসেছে।
- বিষয় :
- বিদেশি পর্যবেক্ষক
