দুই ভোটের ভোটার উপস্থিতির তারতম্য যুক্তিসঙ্গত: ইসি সচিব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- দুই নির্বাচনের ভোটার উপস্থিতির হারের তারতম্যকে যুক্তিসঙ্গত বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, গণভোটে ২৯৯টি এবং জাতীয় নির্বাচনে ২৯৭টি আসনের ভোটার উপস্থিতি হিসেবে আনায় এমন তারতম্য হয়েছে। আইনি জটিলতায় দুইটি আসনের ফলাফল স্থগিত থাকায় এই দুই আসনের ভোটার উপস্থিতি সংসদ নির্বাচনের ক্ষেত্রে হিসেবে আনা হয়নি।
আজ শনিবার রাতে ইসি সচিব সমকালকে এমন তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এছাড়া গণভোটে বাতিল ভোটের সংখ্যার সঙ্গে জাতীয় নির্বাচনের বাতিল ভোটের সংখ্যাও মিলবে না। কেননা জাতীয় নির্বাচনের ব্যালট বাতিলের সংখ্যা ভিন্ন ভিন্ন আসনে ভিন্ন ভিন্ন সংখ্যক হলেও গণভোটে একবারে বাতিল ভোটের সংখ্যা হিসেব হয়েছে। কাজেই এটা নিয়েও কোনও প্রশ্ন তোলা যুক্তিযুক্ত হবে না।
বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে শুক্রবার সবগুলো আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। এদিনই গভীর রাতে দুই ভোটের গেজেটও প্রকাশ করে ইসি। এতে দেখা যায়, জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯ দশমিক ৪৪ শতাংশ হলেও গণভোটে ভোটার উপস্থিতি দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৪ শতাংশ। দুই ভোটের ভোটার উপস্থিতির তারতম্য দাঁড়ায় ১ দশমিক ৪০ শতাংশ। দুই ভোটের ভোটার উপস্থিতির এমন তারতম্য নিয়ে সামাজিক যোগাযাগমাধ্যমে প্রশ্ন তোলেন অনেকেই।
তবে ইসি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ২৯৯ আসনে নির্বাচন হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ওই দুই আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। সঙ্গত কারণেই এই দুই আসন বাদ রেখেই ২৯৭ আসনে জাতীয় নির্বাচনের ভোটার উপস্থিতির হার হিসাব করে ইসি। আর ২৯৯ আসনের গণভোটের ভোটার উপস্থিতির হার আমলে আনা হয়। সংসদের ফল স্থগিত রাখা চট্টগ্রাম-২ আসনে গণভোটে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ৪৬৮ জন। আর চট্টগ্রাম-৪ আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৫২ হাজার ৪৫০ জন।
ইসি প্রকাশিত তথ্য অনুযায়ী- গণভোটে সারাদেশে ৬০ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে। মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন এই ভোটে ভোট দিয়েছেন। বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট। বৈধ ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। যা প্রদত্ত বৈধ ভোটের ৬৮ দশমিক ০৫ শতাংশ। আর না ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। যা প্রদত্ত বৈধ ভোটের ৩১ দশমিক ৯৫ শতাংশ।
- বিষয় :
- ইসি
- সংসদ নির্বাচন ২০২৬
- গণভোট
