ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারেক, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

তারেক, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১০

| প্রিন্ট সংস্করণ

দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার পৃথক টেলিফোন আলাপে তাদের সঙ্গে কথা বলেন তিনি। আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রথমে প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তাঁর দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় শনিবার পৃথক এক বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।
বার্তায় তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় শফিকুর রহমানকে অভিনন্দন
পৃথক বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরকে বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ছয় আসনে এনসিপির জয় এক অসাধারণ অর্জন
পৃথক অভিনন্দন বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ছয়টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা– এ এক অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয়; এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।
 

আরও পড়ুন

×