মন্ত্রিপরিষদ সচিব রশীদের নিয়োগ বাতিল নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার দপ্তর
শেখ আব্দুর রশীদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৯
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে ‘অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য’ প্রচারিত হচ্ছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, ‘মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে।প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার নিকট দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।’
নতুন সরকারের শপথ নেওয়ার প্রস্তুতির মধ্যে শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। তার স্থলাভিষিক্ত হওয়া এম সিরাজ উদ্দিন মিয়া এতদিন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন।
রশীদের নিয়োগ বাতিল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে সরকারপ্রধানের দপ্তর বলেছে, ‘বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’
