১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাপনের শ্যালকের নামে দুদকের মামলা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৭
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের শ্যালক এম শামীম হাসেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক সুবিমল চাকমা বাদী হয়ে সম্প্রতি কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, এম শামীম হাসেম অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে করে প্রায় ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫ কোটি ৭১ লাখ টাকার। এর বাইরে পাওয়া যায় আরও ৮ কোটি ৮ লাখ টাকার সম্পদ। তার দায় ও ঋণ পাওয়া যায় ৩ কোটি ৯৩ লাখ টাকার। দায় ও ঋণ বাদ দিয়ে নীট সম্পদ পাওয়া যায় ৪ কোটি ১৫ লাখ টাকার।
এজাহারে আরও বলা হয়, পারিবারিক ব্যয়সহ তার অর্জিত সম্পদ ১৬ কোটি ৫৪ লাখ টাকার। এছাড়া, তার ভোগ-দখলে রয়েছে ১০ কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।
তিনি ওই সম্পদ ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
- বিষয় :
- নাজমুল হাসান পাপন
- দুদক
- মামলা
