ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদত্যাগপত্র দেননি আইজিপি, বৈঠকে ইচ্ছা প্রকাশ করেন: পুলিশ সদরদপ্তর

পদত্যাগপত্র দেননি আইজিপি, বৈঠকে ইচ্ছা প্রকাশ করেন: পুলিশ সদরদপ্তর
×

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:২০

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম রোববার পদত্যাগ করেছেন– এমন গুঞ্জন ওঠে। এরপরই রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির পদত্যাগ-সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

পুলিশ সদরদপ্তরের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানান, আজ পুলিশ সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে আইজিপি পদত্যাগের প্রস্তুতির কথা জানান। বৈঠকে আইজিপি বলেন, তিনি পদত্যাগের জন্য প্রস্তুত ও পদত্যাগপত্র তৈরি করেছেন। আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানোর ইচ্ছার কথাও জানান তিনি। উপস্থিত কর্মকর্তারা নতুন সরকার গঠনের আগে পদত্যাগপত্র জমা না দেওয়ার জন্য পরামর্শ দেন তাঁকে।

দুপুরের পর বাহিনীর সদস্যদের মধ্যে আইজিপির পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এমনকি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলেও আলোচনা চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ পর্যন্ত কোনো পদত্যাগপত্র সেখানে পৌঁছায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় একই বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে ২০২০ সালে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ থেকে অবসরে যান। চুক্তি অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

আরও পড়ুন

×