ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রথমবার সংসদে যাচ্ছেন ১৮ সাবেক ছাত্রনেতা
ছাত্রদলের ৫, ছাত্রশিবির ৬, এনসিপি ৫, গণসংহতি ১ ও ছাত্র ইউনিয়নের ১ জন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের জয়জয়কার দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজন রাজপথের মিছিলে থাকা লড়াকু ছাত্রনেতা থেকে প্রথমবারের মতো সংসদ সদস্যের মর্যাদা লাভ করেছেন। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, এসব ছাত্রনেতার মধ্যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক নেতা পাঁচজন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির থেকে ছয়জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পাঁচজন এবং গণসংহতি আন্দোলনের একজন সাবেক ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন।
সাবেক ৮ ছাত্রদল নেতার ৫ জনই প্রথমবার
এবারের নির্বাচনে ছাত্রদলের সাবেক আট কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো পাঁচজন জাতীয় সংসদে যাচ্ছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন– ছাত্রদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান। তিনি ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন। গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনিও সংগঠনটির সভাপতি ছিলেন। এ ছাড়াও জামালপুর-৩ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রথমবারের মতো খুলনা-৪ আসন থেকে সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ধানের শীষে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-৫ (সদর) থেকে সংগঠনটির সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলিম জয়ী হয়েছেন। আলিম সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রশিদ হাবিব। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। বরিশাল-৪ আসন থেকে রাজীব আহসান ধানের শীষে বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন।
সংসদে শিবিরের ৬ কেন্দ্রীয় সভাপতি
সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের সাবেক ছয় কেন্দ্রীয় সভাপতি। প্রথমবারের
মতো একসঙ্গে এত সংখ্যক সাবেক ছাত্রনেতার জাতীয় সংসদে যাওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। ছাত্র রাজনীতি
থেকে উঠে আসা এ নেতারা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন ঢাকা-১২ আসন থেকে সাইফুল আলম খান মিলন, সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম বুলবুল। এ ছাড়া পটুয়াখালী-১ শফিকুল ইসলাম মাসুদ, গাজীপুর-৪ সালাহউদ্দিন আইয়ুবী ও শেরপুর-১ থেকে হাফেজ রাশেদুল ইসলাম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র সংগঠন থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে প্রথমবারের মতো জাতীয় সংসদে যাওয়া সাবেক এসব নেতার। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্রনেতৃত্বের ধারাবাহিক প্রভাবও স্পষ্ট হলো।
রাজপথ থেকে আইনপ্রণেতা
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট থেকে গড়ে ওঠা এনসিপি থেকে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ছাত্রজীবনে
ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির নির্বাচিত ৫ জনই প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাচ্ছেন।
তারা হলেন– ঢাকা-১১ আসনে নির্বাচিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ থেকে সদস্য সচিব আখতার হোসেন, নোয়াখালী-৬ থেকে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির নেতা আব্দুল্লাহ আল আমিন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও প্রথমবার সংসদে যাচ্ছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক সংগ্রামে যুক্ত হন।
- বিষয় :
- সংসদ নির্বাচন
