ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় চীন, ভারত, জাপান

ঢাকার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় চীন, ভারত, জাপান
×

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত ও জাপানের প্রধানমন্ত্রী। কোলাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:০২

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত ও জাপানের প্রধানমন্ত্রীরা। নতুন সরকারের সঙ্গে তারা কৌশলগত ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মঙ্গলবার পাঠানো অভিনন্দন বার্তায় বলেছেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান ও সমতার দৃষ্টিতে দেখেছে। উভয়েই পারস্পরিক লাভের লক্ষ্য নিয়ে সহযোগিতা করেছে। বেইজিং নতুন সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় সমর্থন দেবে।

ঢাকা-বেইজিংকে ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদার’ উল্লেখ করে লি কিয়াংও আরও বলেন, তিনি এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাড়াতে তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী। এর মাধ্যমে তিনি চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চান। এটি উভয় দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনবে।

চীনের ‘বেল্ট অ্যান্ড রোড (বিআরআই)’ উদ্যোগকে প্রায়ই ‘নিউ সিল্ক রুট’ হিসেবে উল্লেখ করা হয়। ২০১৩ সালে চালু হওয়া উদ্যোগটি বিশ্বের অন্যতম বৃহৎ অবকাঠামোগত প্রকল্প। যেটির লক্ষ্য ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া ও ইউরোপকে যুক্ত করা। গত এক দশকে এই প্রকল্পটি আফ্রিকা, ওশেনিয়া এবং লাতিন আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। যা বিশ্বজুড়ে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবকে বাড়িয়েছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অভিনন্দন বার্তায় বলেছেন, দুই দেশের বিদ্যমান ‘কৌশলগত অংশীদারত্বের’ ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করবেন।

আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন বলে উল্লেখ করেছেন। 

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দুটি দেশ একে অপরের টেকসই উন্নয়নে অনুঘটক হয়ে উঠতে পারে। কাজ করতে পারে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে। সুবিধাজনক সময়ে স্ত্রী ও মেয়েসহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন

×