এক বছরে ১৭,৫১৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৭
সমুদ্র ও নদীপথে গত এক বছরের অভিযানে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার নিষিদ্ধ জাল, মাছ ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এ ছাড়া ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮ রাউন্ড তাজা গোলা ও ৩৭০ রাউন্ড ফাঁকা গোলা উদ্ধার করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন দুর্ধর্ষ সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অবৈধ কাজে জড়িত ব্যক্তি এবং ১৫ মানবপাচারকারীকে আটক করা হয়। একইসঙ্গে মানবপাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৯৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকার ৩৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা, ৬৯ লাখ টাকার ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকার ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকার ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকার সাড়ে ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২ কোটি ৩৪ লাখ টাকার ২৬ হাজার লিটার বাংলা মদসহ ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়াও মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালায় কোস্ট গার্ড। প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকার ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেনু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অনন্য অবদানের জন্য কোস্ট গার্ড রৌপ্য পদক–২০২৫ অর্জন করেছে।
উল্লেখ্য, মাত্র ৭০০ কোটি টাকার বার্ষিক বাজেটের বিপরীতে কোস্ট গার্ডের গত এক বছরের সাফল্য সাড়ে ১৭ হাজার কোটি টাকা।
- বিষয় :
- কোস্ট গার্ড
