পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রোববার সকাল ১০টায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্যের ব্যক্তিগত সচিব ও উপাচার্য অফিসের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যার সকালে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।'
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পদত্যাগের গুঞ্জন উঠে। পরে গত ১০ ফেব্রুয়ারি তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তারা যেন নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে এটাই আমি চাই, রাজনৈতিক সরকার দায়িত্ব নিক এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব।'
দায়িত্বকালে অর্জনের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, 'গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, হল সংসদগুলো কার্যকর হয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয়েছে, টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে প্রায় ২০০ ধাপ উন্নতি, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬০ শতাংশ বৃদ্ধি এবং গবেষণা ও প্রকাশনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।'
এছাড়া অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, ২ হাজার ৮৪১ কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে, যা আবাসন, একাডেমিক ভবন ও গবেষণা অবকাঠামোর ঘাটতি অনেকটাই কমাবে।
উপাচার্য বলেন, '২০২৪ সালের আগস্টে তিনি দায়িত্ব নেন একটি বিশেষ ও আপৎকালীন পরিস্থিতিতে, যখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত বন্ধ ছিল, প্রশাসনিক কাঠামো অকার্যকর হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে প্রথম লক্ষ্য ছিল একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করা এবং বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীলতায় ফেরানো।'
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবি উপাচার্য
