দায়িত্ব নিলেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:০৫
নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব গ্রহণের সময় নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানান প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটর তার কার্যালয়ে যান। সেখানে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ।
এসব মামলার মধ্যে রায় ঘোষণা হয়েছে তিনটির। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের প্রধানরাও রয়েছেন।
রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়।
এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি-মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।
