খলিল-ক্রিস্টেনসেন বৈঠক, ঢাকা আসছেন পল কাপুর
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পল কাপুর
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩৬
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পল কাপুর মার্চের শুরুতে বাংলাদেশ সফর করবেন।
সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পল কাপুরের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর জোর দেন।
আলোচনাকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারিত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে বিনিময়সহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়। পল কাপুরের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা করেছেন তারা।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য টেকসই রাজনৈতিক সহায়তা কামনা করেন।
সামনের দিনগুলোতে সব ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বৈঠকে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
