উত্তরসূরির জন্য বার্তা রেখে এসেছি, নতুন কিছু বলার নাই: ফাওজুল কবির
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (ফাইল ফটো)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৩৩
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, তিনি যেসব মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেছেন সেসব মন্ত্রণালয়ের তাঁর উত্তরসূরির জন্য বার্তা দিয়ে এসেছেন। পরবর্তী সরকারের কী কী করণীয় সে বিষয়ে জানিয়ে এসেছেন।
তিনি জানান, এসব দপ্তরে বর্তমান নির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্তের বিষয়ে কিংবা তাঁর কার্যকালের বিষয়ে এখনও সাংবাদিকরা তাঁর কাছ থেকে মন্তব্য জানতে চান। এ বিষয়ে অপারগতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমার নতুন করে আর কিছু বলার নাই।’
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এখনও সাংবাদিক ও অন্যান্যরা আমার পূর্বতন দপ্তরের বিষয়, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আমি অপারগতা জানাই।’
তিনি লেখেন, ‘তারা দুই ধরনের বিষয়ে আমার মন্তব্য জানতে চান। ১. সরকারের নতুন সিদ্ধান্ত। ২, আমার কার্যকালের বিষয়। প্রথম বিষয়ে আমার মন্তব্য হলো, নবনির্বাচিত সরকার যেকোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতাপ্রাপ্ত। দ্বিতীয় বিষয়ে আমার মন্তব্য হলো, আমি তিন মন্ত্রণালয়েই ‘উত্তরসূরির জন্য বার্তা’ রেখে এসেছি। যেখানে আমরা কোথা থেকে শুরু করেছি, কী করেছি, এখন কোথায় আছি, কী করতে পারিনি ও ভবিষ্যত করণীয় বিষয়ে বিস্তারিত জবাবদিহি রেখে এসেছি । এ ছাড়া পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত পুস্তিকা প্রকাশ করেছে। কিছু জানার প্রয়োজন হলে বর্তমান কর্ণধারদের ও দপ্তর প্রধানদের সঙ্গে কথা বলুন।’

ফাওজুল কবির খান বলেন, ‘সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা আছে। আমাদের তো কোনো দল নাই। তাই এ বিষয়ে আমার নতুন করে আর কিছু বলার নাই।
আমি আগেই জনসমক্ষে বলেছি, যে দলই নির্বাচিত হোক না কেন জাতি হিসেবে আমরা তাদের পেছনে দাঁড়াব। আরেকটা কথা, সরকারের কাছ থেকে ভালো কিছু পেতে হলে সরকারকে সময় দিতে হবে। কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না। তাছাড়া অবকাঠামো খাতে প্রকল্প বাস্তবায়ন সময়সাপেক্ষ।’
তিনি পোস্টে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সংক্ষিপ্ততার কারণে আমরা বেশ কিছু ভালো কাজ করতে পারিনি। তাই সবাইকে অনুরোধ জানাব নতুন সরকারকে সময় দিন।’
প্রসঙ্গত, মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
