গ্যাস লিকেজ দুর্ঘটনা এড়াতে তিন মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শিগগিরই
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫১
দেশের বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা অব্যাহত থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারে শিগগিরই বৈঠকে বসছে স্বাস্থ্য, শিল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চট্টগ্রামের দগ্ধ রোগীদের দেখতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু গ্যাসের আগুনকে ‘মানবসৃষ্ট দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশে সারা বছরই কোথাও না কোথাও গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। গ্যাস লিকেজ প্রতিরোধ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের ব্যবহার নিয়ন্ত্রণে আনার বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন,‘গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা এবং মেয়াদোত্তীর্ণ যেসব সিলিন্ডার ব্যবহার করা হয়, কীভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে তিন মন্ত্রণালয় বসে কাজ করব; যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো যায়, সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, তিন মন্ত্রণালয় ‘অতি সত্বর’ বৈঠকে বসবে। এটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় বা লিকেজ থাকলে কীভাবে দ্রুত দূর করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দগ্ধদের চিকিৎসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে বিদ্যমান সব সুবিধা দিয়ে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত সরঞ্জাম ও সহায়তা নিশ্চিত করা হবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেয়াল রাখব, আপনারা দোয়া করবেন।
চট্টগ্রামের হালি শহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। একই দিনে কুমিল্লার দাউদকান্দিতে ভোরে গ্যাসের আগুনে দগ্ধ আরও চারজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার তিনি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। দগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন দুই মন্ত্রী।
