টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ মন্ত্রীর
গুলশানে টেলিটক কার্যালয়ে মতবিনিময় সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২০
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এই সরকারের সময়ে জনগণ যেন টেলিটকের উন্নত ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যে কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
রাজধানীর গুলশানে টেলিটকের কার্যালয়ে মঙ্গলবার এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব সরকার গড়ে তুলতে চায় সরকার। সে লক্ষ্য অর্জনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকেও দক্ষতা ও সেবার মানে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনকল্যাণে তার পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে এগিয়ে আসতে হবে।
সভায় উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
মতবিনিময় সভায় টেলিটকের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সেবার গুণগত মান বাড়াতে সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা হয়।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দ
