ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির
×

বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন মো. আলী হোসেন ফকির (ছবি- সংগৃহীত)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৬

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বুধবার সকালে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে পুলিশের সুসজ্জিত একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আইজিপি পদে নিয়োগের আগে মো. আলী হোসেন ফকির এপিবিএনের অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাঁকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। 

আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫৩ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।

আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এম কম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আইজিপি আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

আরও পড়ুন

×