ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর নিরাপদ বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১০

প্রধানমন্ত্রীর জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ সরকারি বাসভবন নির্মাণের ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার অ্যাডভোকেট মো. ইলিয়াছ আলী মণ্ডল ‘জনস্বার্থে’ সরকারি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয় সচিব এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে উচ্চ আদালতে রিট আবেদনসহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নোটিশের ভাষ্যমতে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গণভবনের আগের সরকারি বাসভবনটিকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তরিত করা হয়। এরপর থেকে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। 

প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা এবং যথাযথ আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে নোটিশে। এতে বলা হয়, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী একটি নিরাপদ এবং সরকারিভাবে নির্ধারিত বাসভবন পাওয়ার আইনত অধিকারী। 

প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে লিগ্যাল নোটিশে আইনজীবী ইলিয়াস আলী মন্ডল উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে স্পষ্ট নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা বিবেচনা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।

আরও পড়ুন

×