ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাঝরাতে গ্রিল কেটে ফ্ল্যাটে চোর, বড় ক্ষতি থেকে বাঁচাল পাশের বাড়ির কুকুর

মাঝরাতে গ্রিল কেটে ফ্ল্যাটে চোর, বড় ক্ষতি থেকে বাঁচাল পাশের বাড়ির কুকুর
×

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:২৭

রাজধানীর গুলশান ২-এর ১১১ নম্বর সড়কের ২৮ নম্বর বাসা। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওই ভবনের ফ্ল্যাট নম্বর–১ (ডি) তে প্রবেশ করে চোর। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দেয়াল পার হয়ে একজন ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করছে। আরো দুইজন বাসার নিচে অপেক্ষমান। তারা আশপাশের পরিস্থিতির ওপর নজর রাখছিল। একজন গ্রিল কেটে এক পর্যায়ে ঢুকে যায় ফ্ল্যাটে। ওই বাসা থেকে প্রায় চার লাখ মূল্যের ৫টি মোবাইল সেট ও ২৫ হাজার টাকা চুরি করে তারা। তবে আরো বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিল পাশের বাড়ির কুকুর।

ঘটনার রাতের বর্ণনা দিয়ে ওই ফ্ল্যাটের বাসিন্দা ব্যবসায়ী মো. ওয়াহিদুজ্জামান প্রধান সমকালকে বলেন, রাত সোয়া ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটে। পেছনের গ্রিল কেটে চোর ফ্ল্যাটে প্রবেশ করে। বেডরুমে তখন পরিবারের তিন সদস্য ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা তখনো কিছু টের পাননি। এরপরই পাশের ১৯ নম্বর দোতলা বাড়ি থেকে একযোগে ৫/৬টি বিদেশি কুকুর চিৎকার করতে শুরু করে। কুকুরের তীব্র চিৎকারে ঘুম ভেঙে যায় ওয়াহিদসহ বাড়ির বাসিন্দাদের। ঘুম থেকে জেগে তারা দেখেন, ঘরে মোবাইল ও নগদ টাকা নেই। ফ্ল্যাটের বিভিন্ন স্থানে রক্তভেজা পায়ের দাগ। তখন নিশ্চিত হন, বাসায় চোর হানা দিয়েছে।

ওয়াহিজুজ্জামান আরো বলেন, কুকুরে চিৎকার না করলে বাসা থেকে আরও অনেক কিছু হাতিয়ে নিত চোর। কুকুরগুলো এমন জোরে চিৎকার শুরু করে আমাদের ঘুম ভেঙে যায়। বাড়িতে ঢোকার সময় কাঁচ জাতীয় কিছু দিয়ে চোরের পা কেটে গেছে। রক্তভেজা পা নিয়ে সে ঘরে ঢুকে। 

ওয়াহিদুজ্জামান আরো বলেন, তার পাশের বাড়িতে অনেক দিন ধরে কয়েকজন বিদেশি নাগরিকরা থাকেন। তারা শুরু থেকে বিদেশি কুকুর বাসায় রাখছেন।

ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হচ্ছে, কয়েক দিন ধরে যমুনা ফিউচার পার্ক এলাকায় মোবাইলগুলো সচল দেখা যাচ্ছে। চুরির এই ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি।

গুলশান থানার ওসি রাকিবুল হাসান সমকালকে বলেন, চোর চক্র শনাক্ত ও মোবাইল উদ্ধার করার চেষ্টা করছি আমরা। এখনো মোবাইলগুলো সচল হয়নি। প্রযুক্তিগত তদন্ত আমরা চালাচ্ছি।

আরও পড়ুন

×