সেই ছাত্রনেতা রিয়াদ হত্যাচেষ্টা মামলায় কারাগারে
সোলাইমান রিয়াদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ এর আগে চাঁদাবাজির মামলায় কারাগারে যান। গতকাল তার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকেও কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরমান আলী। আসামিদের পক্ষে এস এম জাকির হোসেনসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।
গুলশান থানায় করা হত্যাচেষ্টা মামলার বাদী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন। তিনি ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-২২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময় রিয়াদের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। রিয়াদ সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করেন।
- বিষয় :
- হাজতি
