শরীয়তপুরের সেই চিকিৎসকের নিবন্ধন স্থগিতের উদ্যোগ
হাজিরা দিয়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ
শরীয়তপুর সদর হাসপাতাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৪:৩৩
বায়োমেট্রিক হাজিরায় সরকারি হাসপাতালে উপস্থিতি দেখিয়ে পরে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে একটি চিঠি জারি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
চিঠিতে বলা হয়, শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে পরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেছেন এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পায়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি লাইভ সম্প্রচার করা হয়।
এ সময় তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সরকারি দায়িত্ব পালনে অনিয়মের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য কাউন্সিলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।
