দুদকের মামলা
বেসিক ব্যাংকের বাচ্চুসহ ১৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০২:১৮
দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান পলাতক শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ গতকাল সোমবার এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন– বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান, সাবেক এমডি অ্যান্ড সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপক পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূঁইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফখরুল ইসলাম, শুভাশীষ বোস, নিলুফার আহমেদ, ড. কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক শাখা ব্যবস্থাপক সিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক, চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
৬১ ব্যক্তি ও ৪৪৫টি ব্যাংক হিসাব স্থগিত
অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়সহ অনলাইনে প্রতারণার অভিযোগ থাকায় ৬১ ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ গতকাল সোমবার এই আদেশ দেন। সিআইডির পক্ষে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস (সিপিসি) সুমন কুমার সাহা অভিযোগসংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব স্থগিত চেয়ে আবেদন করেন।
- বিষয় :
- দুদক মামলা
