শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু হচ্ছে ইউএস-বাংলার
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২২:৫১
শারজাহ এবং আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার এ বিমান সংস্থার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন করার উদ্দেশে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। এ কারণে আগামী শুক্রবার (১৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজা রুটে চালু হচ্ছে ইউএস বাংলার ফ্লাইট।
সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) এ রুটে চলবে ফ্লাইট। অপরদিকে আগামী শনিবার (১৪ মার্চ) থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) চলবে আবুধাবি রুটে ফ্লাইট। এ ছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি ছেড়ে যাবে ইউএস বাংলার ফ্লাইট।
বেসরকারি এ বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সমকালকে জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর পালন করার উদ্দেশ্যে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজন এর সাথে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে দিনানিপাত করছে।
ইউএস বাংলার এ কর্মকর্তা বলেন, সকল ধরনের অনিশ্চিয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স এসব রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। বড় কোনো বাধা না থাকলে যথা সময়ে (১৩–১৪ মার্চ) এসব রুটে ফ্লাইট শুরু হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, ঢাকা থেকে শুক্র, রোব, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবি এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৩টি ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫ টি এয়ারক্রাফট আছে।
- বিষয় :
- ইউএস-বাংলা
