টিএসসিতে নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীর দিকে তরুণের লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২৩:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন– থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগে বলা হয়, নাজিরা বাজারে সাহ্রি খাওয়ার পর তারা টিএসসিতে গেলে কয়েকজন শিক্ষার্থী তাদের জিজ্ঞাসাবাদ এবং এক পর্যায়ে গালাগাল ও হামলা করে। এ সময় তাদের সঙ্গে থাকা একজনকে হেলমেট দিয়ে আঘাত এবং দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি তদন্ত শুরু করে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- লাঞ্ছিত
- বহিষ্কার
