স্ত্রীর নামে ১৫ কোটি টাকার সম্পদ রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
উভয়ের নামে অভিযোগপত্র দিচ্ছে দুদক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০২:৫৭
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ তাঁর গৃহিণী স্ত্রী লুৎফুল তাহমিনার নামে রাখেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
তাহমিনার নামে পাওয়া গেছে প্রায় ১৫ কোটি টাকার সম্পদ। তাদের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ২১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ওই অভিযোগে তাহমিনাকে প্রধান আসামি ও আসাদুজ্জামান খান কামালকে সহযোগী আসামি করে ২০২৪ সালের ৯ অক্টোবর মামলা হয়। সেই মামলার অভিযোগপত্র সম্প্রতি অনুমোদন দিয়েছে দুদক। শিগগির এটি আদালতে দাখিল করা হবে।
অভিযোগপত্রে বলা হয়, তদন্তকালে তাহমিনার নামে স্থাবর-অস্থাবর ১৮ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ব্যয় পাওয়া যায় ১ কোটি ৬৫ লাখ টাকার। এতে তাঁর অর্জিত মোট সম্পদ দাঁড়ায় ২০ কোটি ৯৯ লাখ টাকার। ওই সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫ কোটি ২২ লাখ টাকার। যা তাঁর সম্পদের তুলনায় অনেক কম। অর্থাৎ তাহমিনার নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার। তদন্তে এই পরিমাণ সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
অভিযোগপত্রে বলা হয়, তাহমিনার স্বামী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে রাখতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন।
দুদকের তদন্ত থেকে জানা যায়, তাহমিনা ও তাঁর স্বামীর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে নগদে ও সন্দেহজনকভাবে ২১ কোটি ৫২ লাখ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। তাহমিনার মালিকানাধীন স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ফ্ল্যাট, জমি, দোকান এবং অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যবসার শেয়ার, ব্যাংকে জমা রাখা টাকা, এফডিআর, সঞ্চয়পত্র, যাত্রী পরিবহনের বাস ইত্যাদি।
