ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইমি ও মামুনের মুক্তি চান ১৪৫ বিশিষ্ট নাগরিক

ইমি ও মামুনের মুক্তি চান ১৪৫ বিশিষ্ট নাগরিক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৫:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং শিক্ষার্থী আল মামুনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ১৪৫ বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচিত সরকার যাত্রা শুরুর পরপর মব সন্ত্রাস নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছে। কিন্তু দেশের স্বাধীনতার সঙ্গে জড়িত ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ৭ মার্চের ভাষণের ঘটনাকে ফ্যাসিবাদের সঙ্গে মিলিয়ে একদল সন্ত্রাসী আইনশৃঙ্খলায় নিযুক্ত বাহিনীর সামনেই মব করেছে। তারা ইমি ও মামুনকে মবসন্ত্রাস করে পিটিয়ে মারার চেষ্টা করে। পুলিশ সদস্যদের তাদের নিরাপত্তা দান কিংবা মবসন্ত্রাসীদের নিবৃত্ত করতে দেখা যায়নি। উল্টো ইমি ও মামুনকেই সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। 

বিশিষ্ট নাগরিকেরা বলেন, আমাদের প্রশ্ন, ৭ মার্চের ভাষণ প্রচার করা কি সন্ত্রাসী কার্যক্রম? সরকার বা পুলিশই কি তবে ঠিক করে দেবে সন্ত্রাসী কার্যক্রম কোনটা? শেখ হাসিনার শাসন খারাপ হলে এসব আইন ভালো হয় কীভাবে?

ইমি ও মামুন নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন, বরং তারা বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, তাদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি হাসিনার আমলের সন্ত্রাসদমন আইনকে জবাবদিহিমূলক ও সংস্কার করাসহ মবসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে। 

বিবৃতিতে গত ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে একই ‘মবারুরা’ পিটিয়ে মারাত্মক আহত করেছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে সই করা বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন– অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক আজফার হোসেন, অধ্যাপক কামরুল হাসান মামুন, সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, ফিরোজ আহমেদ, সাহেদ আলম, বাকী বিল্লাহ, ডা, মনিরুল ইসলাম, অরূপ রাহী, অধ্যাপক রায়হান রাইন, সুব্রত অগাস্টিন গোমেজ, জিএইচ হাবীব, অধ্যাপক খালেদ হোসাইন, নূরুল আলম আতিক, আফসানা বেগম, এ টি এম গোলাম কিবরিয়া, আরিফুজ্জামান তুহিন, আরিফ রহমান, রিয়াজ খান, হাসান জামিল, গোলাম সারোয়ার।

আরও পড়ুন

×