বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১৯:৪১
ঢাকার মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় একজন ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও একমাসের কারাভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামের একজনের পোষা বিড়াল হারিয়ে যায়।
পরে ভবনের সিসিটিভি ফুটেজে বিড়ালটিকে হত্যা করতে দেখা যায় শিবলুকে। দণ্ডপ্রাপ্ত শিবলু মনসুরের প্রতিবেশী।
এ ঘটনায় ২০২৫ সালের পাঁচ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।
একই বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
- বিষয় :
- বিড়াল
- হত্যা মামলা
- কারাদণ্ড
- আদালত
