ঈদে ফিটনেসবিহীন বাস ঠেকাতে থাকবে ভ্রাম্যমাণ আদালত: ডিএমপি কমিশনার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ২১:৫৩
ফিটনেসবিহীন বাস সড়কে যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ভারপ্রাপ্ত) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, এই বাসগুলো হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদ সামনে রেখে যেন এসব বাস রাস্তায় নামতে না পারে সেজন্য বিআরটিএ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, আসছে ঈদে ঢাকার যাত্রা সহজ করতে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন ও আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া রোড পর্যন্ত একমুখী যান চলাচল চালু করার সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া ঢাকা বাইপাস রোড খোলা রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ স্থাপনের অনুরোধ জানিয়েছেন কমিশনার। সেখানে বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া এবং কোনো বাসের শিডিউল বিপর্যয় হলে তা দ্রুত যাত্রীদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, এসবি এবং র্যা ব মোতায়েন থাকবে। এছাড়া সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে সোয়াট টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে মাউন্টেন পুলিশও (অশ্বারোহী) দায়িত্ব পালন করবে।
- বিষয় :
- পুলিশ
- বাস টার্মিনাল
- ফিটনেসবিহীন গাড়ি
