ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ২২:৫৬

দেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের শীর্ষ শিল্প সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।

বুধবার সংগঠনটির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

এমটবের নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। পরিচালক হিসেবে রয়েছেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী।

সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এরিকসন বাংলাদেশের দেশীয় ব্যবস্থাপক আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা উ জি (জেসন), বাংলালিংকের প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মকর্তা তাইমুর রহমান, গ্রামীণফোনের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটা পিএলসি’র প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মকর্তা সাহেদ আলম এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপমহাব্যবস্থাপক লুৎফুল্লাহিল মজিদ। সভাটি সঞ্চালনা করেন এমটবের মহাসচিব (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় জিয়াদ সাতারা বলেন, এমন এক সময়ে এমটবের নেতৃত্বের দায়িত্ব পাওয়া তার জন্য গৌরবের বিষয়, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই খাত দেশের প্রায় প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পখাতের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে, যাতে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হয়। পাশাপাশি জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা পূরণ এবং উদ্ভাবন বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

এমটবের পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত সভাপতি ও পরিচালকদের নেতৃত্বে দেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে এবং ডিজিটাল অর্থনীতির রূপান্তরে এই শিল্পের অবদান আরও সুদৃঢ় হবে বলে সংগঠনটি আশা করছে।

উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ দেশের মোবাইল টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী শিল্প সংগঠন। জাতীয় ডিজিটাল ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাতের প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

×