ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদযাত্রা সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে

অপরাধ সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

ঈদযাত্রা সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ২০:৩৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাবে। এ সময় ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি বা অন্য কোনো অপরাধ যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, শতভাগ সততা বজায় রেখে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ঈদযাত্রায় গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাট বাস–লঞ্চ টার্মিনালে ডিএমপির বিশেষ নজরদারি করতে হবে। ঈদের ছুটিতে ঢাকা শহরে বিট অনুযায়ী পেট্রোল ডিউটি বাড়াতে হবে। ঈদের বাজার ও শপিং মলগুলোতে সিসি ক্যামেরা ঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। 

অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

সভায় অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×