ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু, ২৩ মার্চের টিকিট আজ  

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু, ২৩ মার্চের টিকিট আজ  
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১০:৫১

পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের যাত্রার টিকিট। ১৪ মার্চ দেওয়া হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি করা হবে ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

এবারও আন্তনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এর ফলে স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।

রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। 

যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

আরও পড়ুন

×