ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুর ব্যাপারে ভালো অগ্রগতির আশা সরকারের

জাপানের প্রতিনিধিদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের যৌথ বৈঠক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুর ব্যাপারে ভালো অগ্রগতির আশা সরকারের
×

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের যৌথ বৈঠক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১৫:০৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। বৈঠকে উভয়পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিষয়টি দেখছে। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। শিগগিরই ভালো কোনো অগ্রগতি হবে বলে আশা করছি। 

তিনি বলেন, সরকার যে স্লোগান ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের ভোট পেয়েছে‘সবার আগে বাংলাদেশ’—সেই চেতনা থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

একই বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জাপানের সাথে কাজের জটিলতা কাটবে এই বৈঠকের পরে। দ্রুতই সামনে আরও বৈঠকের মাধ্যমে বাকি জটিলতাও কাটবে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা সংক্রান্ত চুক্তিতে কয়েকটি চার্জ ও অন্যান্য বিষয় নিয়ে কিছু জটিলতা ছিল। এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বিষয়গুলো নিয়ে বাংলাদেশ পক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। জাপানও তাদের প্রস্তাব তুলে ধরেছে। 

প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় উভয়পক্ষই এমন একটি সমাধানের দিকে যেতে চায়, যা বাংলাদেশের জন্য ভালো হবে। আগের কিছু চুক্তিতে যে ধরনের ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল, সেগুলো সংশোধন করে একটি ‘উইন–উইন’ পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানের পক্ষ থেকে বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়েছে। সেই প্রস্তাব পাওয়ার পর আবারও আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

×